মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনের বেশির ভাগটাই মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের সাত জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরের কোথাও কোথাও দু’-এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনের বেশির ভাগটাই মেঘলা থাকবে। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও বাড়বে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিও হয়েছে ৪.৪ মিলিমিটার।
কলকাতা, হাওড়া এবং হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বুধবার থেকে আকাশ পরিষ্কার হলেও, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও সকাল থেকে ঝড়বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বিকেলের দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে শিলাবৃষ্টি হতে পারে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সাত জেলায়। সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
